বিওয়াইডি থেকে এক লাখ বিদ্যুচ্চালিত গাড়ি কিনছে উবার

২ আগষ্ট, ২০২৪ ০৭:৩৯  

গত জুলাই মাসে, তুরস্কে নিজস্ব কারখানা নির্মাণের জন্য একশ কোটি ডলারের চুক্তি করেছে বিওয়াইডি টেসলার চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি। এবার তাদের কারখানায় তৈরি এক লাখ বিদ্যুচ্চালিত গাড়ি কিনতে চুক্তিবদ্ধ হয়েছে বৈশ্বিক রাইড শেয়ারিং পরিষেবা উবার। এই দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তির অধীনে উবার চালকদেরকে আর্থিক প্রণোদনার সুযোগ দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি নেওয়ার প্রস্তাব দেবে বিওয়াইডি। পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ, চার্জ দেওয়া, অর্থায়ন ও লিজ দেওয়ার ক্ষেত্রে আর্থিক মূল্যছাড়ও দেয়া হবে। তবে আপাতত এই সুযোগ থাকছে না বাংলাদেশের চালকদের জন্য।

যখন গোটা বিশ্বে ইভি বিক্রির গতি কমেছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো অঞ্চলগুলোয় চীনা গাড়ি নির্মাতাদের অধিক হারে আমদানী শুল্ক গুনতে হচ্ছে তখনই এই ঘোষণাটি দেয়া হলো।

বহুবর্ষীয় এই চুক্তিটি প্রথমে বাস্তবায়িত হবে ইউরোপ ও লাতিন আমেরিকায়। এরপর মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের উবার চালকরাও এই সুবিধা পাবেন।

উভয় কোম্পানির পক্ষে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, “উবার চালকদের ইভি কেনার খরচ কমানোর লক্ষ্য নিয়েছে কোম্পানিগুলো, যার ফলে বৈশ্বিক উবার প্ল্যাটফর্মে ইভি’র উত্থান ঘটবে এবং লাখ লাখ চালক পরিচিত হবে পরিবেশবান্ধব গাড়ি চালানোর বিষয়টির সঙ্গে। একইসঙ্গে উবারের প্ল্যাটফর্মে বিওয়াইডি’র সেলফ-ড্রাইভিং প্রযুক্তি সমন্বয় করার লক্ষ্যেও তারা কাজ করবে।

এদিকে চলতি বছরের শুরুতে উবার জানিয়েছিলো, মার্কিন গাড়ি চালকদের মধ্যে ইভি ব্যবহারের প্রচলন বাড়াতে তারা টেসলার সঙ্গে কাজ করছে। এ ছাড়া, দক্ষিণ কোরীয় কার জায়ান্ট কিয়া’র সঙ্গেও তারা একটি ‘নিজস্ব ইভি’ নির্মাণের পরিকল্পনা করেছে। কিন্তু নিজেদের গাড়ি শিল্পকে সুরক্ষিত রাখার অজুহাত দেখিয়ে সম্প্রতি চীনে তৈরি ইভি’র ওপর ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এ খাতের অন্যান্য শীর্ষ বাজার। এ পদক্ষেপের পরপরই নিজেদের উৎপাদন কারখানা চীনের বাইরে নিতে বাধ্য হয়েছে বিওয়াইডি’সহ অন্যান্য চীনা ইভি নির্মাতা কোম্পানি।